ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

অজানা রোগ বাসা বেঁধেছে শিশু গণেশের শরীরে

অজানা রোগ বাসা বেঁধেছে শিশু গণেশের শরীরে
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:৩২

মাত্র আট বছর বয়সেই শিশু গণেশের শরীরে বাসা বেঁধেছে অজানা রোগ। প্রতিদিন একটু একটু করে তার শরীরের স্থূলতা বেড়েই চলেছে। সে ঈশ্বরদীর রেলগেটের হরিজন পল্লির বাসিন্দা পরিচ্ছন্নকর্মী শ্রী পরেশ বাঁশফোঁড় ও মা মালতী রানীর সন্তান।

গণেশের বাবা-মা জানান, জন্মের কয়েক বছর পরই তার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকে। বয়স অনুযায়ী গণেশের শারীরিক গঠন ও স্থূলতা ক্রমেই বাড়ছে। এর পাশাপাশি অত্যধিক দুর্বলতায় সে হাঁটতে গিয়ে পড়ে যায়, বসে থাকতে পারে না। স্থানীয় গ্রিন জুয়েলস স্কুলে তাকে ভর্তি করানোর কিছুদিন পরই অসুস্থতার কারণে আর স্কুলে পাঠানো যাচ্ছে না। তার পড়ালেখা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।

হতদরিদ্র বাবা-মা তাদের এই সন্তানকে সারিয়ে তুলতে স্থানীয় হাসপাতাল ও কবিরাজের কাছে চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। হরিজন পরিবারটির আর্থিক সংকুলানও নেই শিশুটির উন্নত চিকিৎসা করানোর। এই অবস্থায় হরিজন দম্পতি তাদের সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেপের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামিম জানান, এ ধরনের রোগীকে পরীক্ষা করার ব্যবস্থা ঈশ্বরদী হাসপাতালে নেই। পরীক্ষা করার আগে বলাও মুশকিল গণেশ ঠিক কোন রোগে আক্রান্ত।

গণেশের সুচিকিৎসায় সহযোগিতায় আগ্রহীরা তার বাবার নাম্বার ০১৭৬২৬৮৮০৭২-এ সরাসরি যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন

×