ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

অবরুদ্ধ শিবচরে মোবাইলে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসক অখিল

অবরুদ্ধ শিবচরে মোবাইলে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসক অখিল
×

ডা. অখিল সরকার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ২৩:০৭ | আপডেট: ২৪ মার্চ ২০২০ | ২৩:০৮

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য মাদারীপুরের শিবচর উপজেলার তিনটি এলাকা গত ২০ মার্চ থেকে অবরুদ্ধ (লকডাউন) করে রাখা হয়েছে। এছাড়া পুরো মাদারীপুরে করোনা ভীতি ছড়িয়ে পড়ায় সেখানকার রাস্তাঘাট শূন্য। হাসপাতালেও কমে গেছে চিকিৎসক ও নার্সের সংখ্যা। 

তবে যেন ব্যতিক্রম ডা. অখিল সরকার। গত কয়েক দিন ধরে অবরুদ্ধ শিবচরসহ মাদারীপুরের জনগণকে মোবাইলে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন মাদারীপুর সদর হাসপাতালের এই ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার।

ডা. অখিল সরকার বলেন, গত এক সপ্তাহ ধরে মাদারীপুরের শিবচরসহ পুরো জেলা করোনা ভাইরাস আতঙ্কে এক প্রকার জনশূন্য হয়ে পড়েছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এছাড়া করোনা ঝুঁকিতে চিকিৎসক ও নার্সরা না থাকায় রোগী দেখাও আশংকাজনকভাবে মাদারীপুরে কমে গেছে। তাই এমন অবস্থায় ঘরে বসে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যগত পরামর্শ দেয়ার ঘোষণা সামাজিক মাধ্যমে দেওয়ার পর থেকে বহু মানুষ মোবাইলে ও ফেসবুকে যোগাযোগ করে পরামর্শ নিচ্ছেন।

মাদারীপুরের কালকিনির হারুণ মোল্লা বলেন, প্রায় ক্লিনিকগুলোতে ডাক্তাররা রোগী দেখা বন্ধ করে দিয়েছে। হাসপাতালে গেলেও ডাক্তারদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। পরে একজন সাংবাদিকের মাধ্যমে ডা. অখিল সরকারের কথা জানতে পেরেছি। তিনি মাদারীপুরবাসীর জন্য দিনরাত ২৪ ঘণ্টা মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। তাই আমিও তার কাছে ফোন করে পরামর্শ নিয়েছি।

মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার আরো বলেন, সামান্য সর্দি, কাঁশি ও জ্বর হলেও সাধারণ মানুষ হাসপাতালগুলোতে ছুটে আসছেন। এতে করোনা ভাইরাস আতঙ্কে অন্যরোগীদের মারাত্মক সমস্যা হচ্ছে। এ কথা বিবেচনা করে এ ধরনের রোগীদের মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে একদিকে রোগীদের যেমন সময় বাঁচবে, তেমনই করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকিও কম থাকবে। তাই যে কোন স্বাস্থ্যগত পরামর্শের জন্য (০১৯১৪০৯৩৯৪১) এ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে অনুরোধ রইলো। 

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম জানান, আমরা ফোনে সেবা দেয়ার ব্যাপারে এখন জোর দিচ্ছি। সামান্য জ্বর কার্শিসহ টুকটাক চিকিৎসা মোবাইল ফোনের মাধ্যমেই করা যায়। আমি সবাইকে ফোনে চিকিৎসা সেবা নেয়ার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন

×