শ্রীপুরে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন আকরাম
খাদ্য সামগ্রী পিকআপে তুলছেন আকরাম-সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ১০:৩২ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ১১:১১
গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের ঘরে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন মৎস্য ও ডেইরি খামারি আকরাম হোসেন বাদশা। উপজেলার খাসপাড়া ও রাজাবাড়ি এলাকায় অন্তত সাড়ে ৩শ’ পরিবারের হাতে চাল-ডাল-আলুসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পৌঁছে দিয়েছেন তিনি।
শনি ও রোবাবার তিনি উপজেলার বিভিন্ন পাড়া ও মহল্লায় ঘুরে ঘুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও একই সময় অন্তত ১০০ প্রতিবন্ধীর হাতে নগদ ১ হাজার করে টাকাও দেন তিনি।
আকরাম হোসেন বাদশা জানান, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটিয়ে কয়েক বছর বছর হলো তিনি দেশে ফিরেছেন। তার গড়া মৎস্য ও ডেইরি খামারের লাভের একটা অংশ প্রতিবন্ধী ও অসহায় মানুষের পেছনে ব্যয় করেন প্রতিমাসে। এই দুযোর্গের সময় কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়ানো একান্তই দায়িত্ব। তার এই কর্মসূচি অব্যাহত থাকবে।
