ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্থানীয় উদ্যোগে খাবার পাচ্ছে অভয়নগরের ছিন্নমূল মানুষ

স্থানীয় উদ্যোগে খাবার পাচ্ছে অভয়নগরের ছিন্নমূল মানুষ
×

রোববার রাতে নওয়াপাড়া পৌরসভার ৫০ অসহায় মানুষের হাতে রাতের খাবার তুলে দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ১১:৪৬ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ১২:৫৩

করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় দু'বেলা দু'মুঠো খাবার জোগাড় করতে না পারা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন যশোরের অভয়নগরের একটি মানবিক উদ্যোগের স্বেচ্ছাসেবকরা। 

উপজেলার তরুণ চিকিৎসক, সংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়ে ওঠা এই উদ্যোগের কর্মীরা রোববার রাতে স্থানীয় নওয়াপাড়া পৌরসভার ৫০ জন অসহায় মানুষের হাতে রাতের খাবার তুলে দিয়েছেন। সমাজের হৃদয়বান মানুষের আর্থিক সহযোগিতা ও উদ্যোক্তাদের অনুদানে পরিচালিত হচ্ছে অভয়নগর সমন্বিত করোনা মোকাবিলা উদ্যোগ।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস প্রতিরোধে মানুষদের ঘরে থাকতে প্রচারাভিযান চালাচ্ছেন এই উদ্যোগের কর্মীরা। সেই সঙ্গে ১২ জন চিকিৎসক নিয়ে খোলা হয়েছে হটলাইন নম্বর। ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন তারা। এই ভাইরাসের উপসর্গ প্রকাশ পাচ্ছে- সন্দেহভাজন এমন অনেকে ঘরে বসেই ফোন করে সম্পূর্ণ বিনামূল্যে সেবা নিচ্ছেন। সাধারণ মানুষকে আতঙ্কমুক্ত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে অভয়নগরে অবরুদ্ধ হয়ে পড়া পাঁচ শতাধিক প্রান্তিক মানুষের ঘরে সাত দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। তাদের হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক দেওয়া হবে। এছাড়া জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষেরা যাতে হাত ধুয়ে নিতে পারেন, সেজন্য রাস্তার মোড়ে ও দোকানের সামনে জীবাণুনাশক রাখা হয়েছে। 

এই উদ্যোগের প্রধান সন্বয়ক ডা. কৃষ্ণ পদ সাহা বলেন, ঘরবন্দি হয়ে পড়া প্রান্তিক মানুষের জন্য আমাদের এই উদ্যোগ। সমাজের সচেতন ও বিত্তবান মানুষ এগিয়ে এলে আরও সহজে বিনামূল্যের এসব সেবা এই সংকটে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে।

আরও পড়ুন

×