ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সন্দেহভাজন করোনা রোগী দৌড়ে পালাল হাসপাতাল থেকে

সন্দেহভাজন করোনা রোগী দৌড়ে পালাল হাসপাতাল থেকে
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ১৩:০২

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে কামাল হোসেন (৪০) নামে এক রোগী সর্দি, কাশি ও জ্বর নিয়ে সকাল ১১টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। টিকিট কেটে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করতে বলেন। ডা. হাফিজুর রহমান মাসুদ সন্দেহ করেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। চিকিৎসক যখন রিপোর্ট লিখবেন, এ সুযোগে রোগী কামাল হোসেন দৌড়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে তাৎক্ষণিকভাবে রোগীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক ও চার স্টাফকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। একই সময় কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার ধ্রুব নামে এক যুবক হাসপাতালে সর্দি-কাশির চিকিৎসা নিতে আসেন। একটি বিশেষ পরীক্ষার জন্য শহরের মেডিস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে পাঠালে সেখান থেকে ধ্রুব পালিয়ে যান। পরে তার অবস্থান চিহ্নিত করে তাকে তার বাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে কর্মরত চিকিৎসক হাফিজুর রহমান মাসুদ জানান, রোগী কামাল হোসেন করোনায় আক্রান্ত তা প্রাথমিকভাবে বলা যায়। আর ধ্রুব নামে রোগীর বিষয়ে ডা. মারুফ বলেন, তার করোনায় আক্রান্তের কোনো লক্ষণ পাওয়া যায়নি।
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপপরিচালক ডা. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগীর সংস্পর্শে যাওয়া তিন চিকিৎসক ও চার স্টাফকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। হোসেনপুর থেকে আসা রোগী কামালের অবস্থান জেনে ব্যবস্থা নেওয়ার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর ধ্রুবকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে একাধিক চিকিৎসক জানান, রোগীর ইতিহাস জানা নেই। তা ভয় ও আতঙ্কের কারণ। তিনি বিদেশ থেকে এসেছেন কিনা চিকিৎসকদের তা জানা নেই।




আরও পড়ুন

×