কমলনগর-রামগতির চিকিৎসকদের পিপিই দিলো ‘স্বপ্ন নিয়ে’
ফাইল ছবি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ২৩:২১ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ২৩:২৪
করোনাভাইরাস মোকাবিলায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে সামাজিক সংগঠন ‘স্বপ্ন নিয়ে’।
সংগঠনটির ব্লাড টিমের সমন্বয়ক নোমান সিদ্দিক রোববার বিকেলে চিকিৎসকদের কাছে এ পিপিইগুলো হস্তান্তর করেন।
‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান জানান, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের ৩০ সেট পিপিই দেওয়া ছাড়াও ‘স্বপ্ন নিয়ে’র পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সামাজিক এ সংগঠনটির পক্ষ হতে কমলনগর ও রামগতির জনসাধারণের জন্য চারটি হ্যান্ড ওয়াশ স্পট স্থাপন, মাস্ক-হ্যান্ড গ্লাভস-লিফলেট বিতরণ, জীবানুনাশক ছিটানো ও দোকানের সামনে দূরত্ব চিহ্ন এঁকে দেওয়াসহ বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং ও সাবান বিতরণ করা হচ্ছে।
