করোনা সন্দেহে রাজবাড়ী থেকে রোগীকে ঢাকায় প্রেরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০২:৫৮
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন থাকা ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়েছে। তিনি রাজবাড়ী শহরের একটি বাজারের সবজি ব্যবসায়ী।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. শামীম আহসান জানান, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তখনই তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। করোনার উপসর্গ থাকায় তার স্বজনদের আলাদা করে দেওয়া হয়।
তিনি আরও জানান, ওই রোগী বছর চারেক আগে একবার বড় অসুখে পড়েছিলেন। তখন তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হন। চার দিন ধরে জ্বর,
কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন। এক্সরে রিপোর্ট পরীক্ষা করে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের আলাদা রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- রাজবাড়ী
