খাদ্যসামগ্রী পেলেন সেই হাসেম
বৃদ্ধ হাশেমের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৮:২৮
চার সন্তানের জনক পয়ষট্টি বছরের আবুল হাসেম। বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। এক ছেলে বিয়ে করে স্ত্রী নিয়ে আলাদা সংসারে থাকেন। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে হাসেমের সংসার চলে রিকশার প্যাডেল ঘুরিয়ে। করোনাভারাসের বিস্তার ঠেকাতে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় শঙ্কা শুরু হয় হাসেমের সংসারে। মানুষের সমাগম-বাজার বন্ধ হয়ে যাওয়ায় বন্ধ হতে চলেছে হাসেমের বাড়ির উনুন। বৃদ্ধ হাসেমের ওপর নির্ভরশীল পরিবারটিতে খাদ্যাভাব দেখা দেয়।
ঈশ্বরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাড়াপাঁচাশি গ্রামের বাসিন্দা হাসেমের কষ্টের কথা নিয়ে সোমবার সমকালে ‘ঘরে খাবার নাই, বাইরে কাজ নাই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের। পরে মঙ্গলবার অসহায় রিকশা চালক আবুল হাসেমকে এলাকায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুপুরে হাসেমের হাতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও এক লিটার তেল তুলে দেন তিনি। এ সময় সরকারি খাদ্যসামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ হাসেম। এছাড়া মঙ্গলবার বিভিন্ন এলাকা ঘুরে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সরকারি নির্দেশনা মেনে যে সকল শ্রমজীবী কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বৃদ্ধ হাশেমের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরে ভাল লাগছে।
