ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ
×

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৯:০৯

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদীপ সাহা নামের এক বৃদ্ধকে আত্মীয়রা ফেলে যাওয়ার পর মঙ্গলবার তিনি মারা গেছেন। পরে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভার সহযোগিতায় মরদেহ আড়াইহাজার উপজেলার গোপালদীতে নেওয়া হয়।

বিকেলে স্থানীয় কদমতলা শ্মশানে তার দাহ করা হয় বলে পরিবার সূত্র জানায়।

গত ২৪ মার্চ প্রদীপ সাহার চাচাতো ভাই গোপালদী বাজারের কাপড় ব্যবসায়ী বিপ্লব সাহা রূপন সাহা স্ট্রোকের রোগী প্রদীপ সাহাকে (৭০) রেখে আসতে বাজিতপুর উপজেলার সরারচরের কামালপুরে তার বোনের বাড়ি আসেন। প্রদীপ সাহার বোন তপতী সাহা স্বামী উত্তম সাহা তাকে রাখতে রাজি না হওয়ায় বিপ্লব সাহা সেখান থেকে তাকে নিয়ে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যান।

এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ভোরে প্রদীপ সাহা মারা যান। প্রদীপ সাহা অবিবাহিত ছিলেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা জানান, নারায়ণগঞ্জ- (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু সোমবার রাতে ঘটনাটি জানার পর বিপ্লব সাহাকে প্রদীপ সাহার চিকিৎসার দায়িত্ব নিতে বললে তিনি রাজি হন।

প্রদীপ সাহা মারা যাওয়ার খবর পেয়ে ডা. ইভা বাজিতপুরের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালালউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ নেওয়ার ব্যবস্থা করেন। পরে অ্যাম্বুলেন্সে মরদেহ দুপুরে গোপালদী নিয়ে বিকেলে দাহ করা হয়।

সাংসদ নজরুল ইসলাম বাবু জানান, আত্মীয়কে এভাবে ফেলে যাওয়ার ব্যাপারে তিনি বিপ্লব সাহাকে জিজ্ঞাসাবাদ করবেন।

আরও পড়ুন

×