করোনায় সৌদিতে লোহাগাড়ার যুবকের মৃত্যু
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ১০:০২
সৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ হাসান (৪০) নামে চট্টগ্রামের লোহাগাড়ার এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে সেখানকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া দক্ষিণ চাকফিরানী দুর্লুবের পাড়ার লিয়াকত আলীর ছেলে।
জানা গেছে, মদিনায় একটি বোরকার দোকানে ২০ বছর ধরে চাকরি করে আসছিলেন মোহাম্মদ হাসান। কিছুদিন আগে জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষার পর সাত দিন আগে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
নিহতের ছোট ভাই হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোহাম্মদ হাসান সর্বশেষ এক বছর তিন মাস আগে দেশে এসেছিলেন। তার স্ত্রী ও তিন শিশুপুত্র রয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- সৌদি আরব
- লোহাগাড়া
