ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাতকানিয়া ও চন্দনাইশে ৫ বাড়ি লকডাউন

সাতকানিয়া ও চন্দনাইশে ৫ বাড়ি লকডাউন
×

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০০:৩১

চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড় ও চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় ৫ বাড়ির ১৩ পরিবারকে লকডাউন করেছে প্রশাসন। চট্টগ্রামের দামপাড়ার করোনা সংক্রমণ হওয়া ব্যক্তির নিকট আত্মীয় হওয়ায় এবং ওই ব্যক্তির পরোক্ষ সংস্পর্শে আসার কারণে এ বাড়িগুলো লকডাউন করা হয়। 

শুক্রবার মধ্যরাতে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে ৪টি এবং দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় ১টি বাড়ি লকডাউন করে প্রশাসন। পাশাপাশি ওইসব বাড়ির সকল সদস্যকে বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গেছে, চট্টগ্রামের দামপাড়া এলাকায় যে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন তার মেয়ে ও মেয়ের শাশুড়ি সম্প্রতি সৌদি আরব থেকে ওমরাহ পালন করে দেশে আসেন। তার মেয়ের শ্বশুর বাড়ি সাতকানিয়ার পুরানগড় এলাকায়। গত ১২ মার্চ ওমরা শেষে মেয়ের শ্বাশুড়ি সাতকানিয়ার পুরানগড়ে আসার পথে বেয়াইয়ের দামপাড়ার বাসায় কিছুক্ষণ অবস্থান করেন। সেখান থেকে তিনি বিমানবন্দর থেকে আসা একই গাড়িতে করে সাতকানিয়ার পুরানগড়ে চলে আসেন। তবে মেয়ে দামপাড়াস্থ বাপের বাসায় থেকে যান। এই তথ্য জানার পর সাতকানিয়া উপজেলা প্রশাসন পুরানগড়ের ওই বাড়িসহ আশেপাশের আরো বেশ কয়েকটি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেয়। ফলে মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলমের নেতৃত্বে পুরানগড়ে ৪টি বাড়ি লকডাউন করা হয়। এসময় বাড়িগুলোতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়।

এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর আত্মীয় হওয়ায় এবং রোগীর পরোক্ষ সংস্পর্শে যাওয়ায় দোহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ড জামিজুরী এলাকার ১৫ সদস্য বিশিষ্ট ১টি বাড়িও লকডাউন করে চন্দনাইশ উপজেলা প্রশাসন। খবর পেয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ওই বাড়িটি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দেয়। 

দোহাজারী সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জামিজুরীর বাসিন্দা কাজী শাহেদ নুর জানান, চট্টগ্রামের দামপাড়ায় যে ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে তার ছেলের শ্বশুরবাড়ি চন্দনাইশের জামিজুরী এলাকায়। সেই সূত্রে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে সম্প্রতি দাওয়াত খেতে যান ছেলের শ্বশুর বাড়ির লোকজন। করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন  রাত আড়াইটার দিকে জামিজুরী এলাকায় উপস্থিত হয়ে ওই বাড়িটি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দেয়।  

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, বাড়িগুলোর সদস্যরা পুলিশের নজরদারিতে থাকবেন। 


আরও পড়ুন

×