ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন্যার পানিতে ডুবেছে শতাধিক বিঘার ধান

বন্যার পানিতে ডুবেছে শতাধিক বিঘার ধান
×

বন্যার পানিতে ডুবে যাওয়া ধান। ছবি-সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৪

উল্লাপাড়ায় প্রায় এক সপ্তাহ ধরে যমুনা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে প্রায় ১০০ বিঘা জমির আমন ধান পানিতে ডুবে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সলপ, পঞ্চক্রোশী, হাটিকুমরুল, বড়হর, দুর্গানগর ও সদর ইউনিয়নে। এতে ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকেরা।

উপজেলার কাশিনাথপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, তিনি তিন বিঘা জমিতে ২০ হাজার টাকা ব্যয়ে আমন ধানের চারা রোপণ করেন। কিন্তু আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় তাঁর সব ধান ডুবে গেছে। এতে তিনি লোকসানের মুখে পড়েছেন। 

চার বিঘা জমিতে আগাম আমন ধানের চাষ করেছেন ভাবকি গ্রামের কৃষক নুর উন নবী। তাঁর ভাষ্য, পানিতে ধান ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। শরিফুল ও নুর উন নবীর মতো আরও অনেক চাষির ধান হঠাৎ বন্যায় ডুবে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, চলতি বছর উপজেলায় আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৪০ হেক্টর। ইতোমধ্যে ৯ হাজার ৪১২ হেক্টর জমিতে আমনের চারা রোপণ হয়েছে। কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শতাধিক বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। দুয়েক দিনের মধ্যে পানি না কমলে ডুবে যাওয়া ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×