প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. হোসেন -সমকাল
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০৮:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের রামগতিতে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বাক প্রতিবন্ধী ওই কিশোরী (১৬) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যায়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী হোসেন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদি হয়ে রোববার রাতে রামগতি থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, নির্যাতিতা ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো এবং গ্রেপ্তার হোসেনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
