দিনাজপুরে ত্রাণের দাবিতে আদিবাসীদের সড়ক অবরোধ
ছবি: সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০৯:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের (আদিবাসী) মানুষেরা ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
সোমবার সকালে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের (আদিবাসী) কয়েকশ' পরিবার।
নৃ-গোষ্ঠির পরিবারের সদস্যরা দাবি করেন- সরকারি ও ইউনিয়ন পরিষদ থেকে তারা কোন প্রকার সহায়তা পায়নি। তারা আরও বলেন, ইউপি সদস্য সহায়তা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডি’র ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও তার পরে তাদের সাথে আর কোন প্রকার যোগাযোগ করেননি।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জর্জিস সোহেল জানান, আমরা ইউনিয়ন পরিষদ থেকে যা পেয়েছি তা আমাদের চাহিদার তুলনায় অনেক কম। আমার ওয়ার্ডে সাড়ে ৪ হাজার ভোটার। তার পরিবর্তে আমি পেয়েছি কয়েক’শ প্যাকেট। যা দিয়ে চাহিদা মেটানো অসম্ভব। তবু আমাদের সাধ্য মত আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।
৩নং ওয়ার্ড ইউপি সদস্য জীবন কুমার রায় জানান, আমি পরিষদ থেকে ৩৮টি ত্রাণের কার্ড পেয়েছি। যার মধ্যে ১২টি কার্ড আমি নৃ-গোষ্ঠী সম্প্রদায় পরিবারের মাঝে বিতরণ করেছি। বাকিগুলো বিভিন্ন সম্প্রদায়ের গরিব মানুষদের মাঝে দিয়েছি।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাগফুরুল হাসান আব্বাসী জানান, ইতিমধ্যে আমরা এ সম্প্রদায়ের মানুষের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার সকলের জন্য ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। যারা পায়নি পর্যায়ক্রমে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
