ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

দুস্থদের চাল-তেল নিয়ে নয়ছয়, জনপ্রতিনিধিসহ গ্রেপ্তার ৫

দুস্থদের চাল-তেল নিয়ে নয়ছয়, জনপ্রতিনিধিসহ গ্রেপ্তার ৫
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১১:২০

করোনার সংকটকালে দুস্থ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি, খোলাবাজারে বিক্রি, টিসিবি ও ত্রাণের জন্য বিতরণ করা সব ধরনের চাল বিতরণে অনিয়ম থেমে নেই। এসব অনিয়মে জড়িত থাকার অভিযোগে বুধবার ও বৃহস্পতিবার আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রংপুরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রায় তিন টন চাল উদ্ধারসহ গ্রেপ্তার হয়েছেন ইউপি মেম্বার। মৌলভীবাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮৫ কেজি চাল জব্দসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্যানচালকের বাড়ি থেকে সরকারি ৩১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। 

সিরাজগঞ্জের কাজিপুরে কালোবাজারে টিসিবির ভোজ্যতেল বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিন ব্যক্তি। নড়াইলের কালিয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে জয়নগর ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টাঙ্গাইলের ঘাটাইলে টিসিবির তেল জব্দসহ এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে ভিজিডির চাল চুরির দায়ে পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। 

সমকালের আঞ্চলিক অফিস ও সংশ্নিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুরের কাউনিয়ায় উপজেলার রাজেন্দ্রপুর বাজারের একটি চাতাল থেকে কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে চাল প্রক্রিয়া করার সময় বৃহস্পতিবার বিকেলে পুলিশ কাবিখার ২ টন ৭৯০ কেজি চাল উদ্ধার করে।

কাবিখা লেখা চালের বস্তা পাল্টানো অবস্থায় হাতেনাতে ধরা পড়েন স্থানীয় ইউপি মেম্বার আশরাফুল। কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মৌলভীবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩৮৫ কেজি চাল ও বেশকিছু খালি বস্তা উদ্ধার করেছে র‌্যাব। ডিলারের কাছ থেকে চোরাই চাল কেনায় জড়িত থাকার অভিযোগে নূপুর চন্দ্র রায় নামে এক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ধৃত ব্যক্তির সদর উপজেলার রাঙ্গুনিয়া গ্রামের বাড়ি থেকে চাল ভরা বস্তা ও কনটেইনার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৩১ বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, সন্দেহ করা হচ্ছে এগুলো সরকারি চাল; কৌশল করে বস্তা পাল্টানো হয়েছে। মন্তাজ নামে এক ব্যবসায়ী ভ্যানচালককে তার বাড়িতে চালগুলো রাখতে দিয়েছেন। অভিযানের সময় মন্তাজ ও ভ্যানচালক দু'জনই পালিয়ে গেছে।

সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম যমুনার চরে টিসিবির ১৮০ লিটার ভোজ্যতেল কালোবাজারে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কাজিপুরের ইউএনওর নির্দেশে বুধবার বিকেলে নাটুয়ারপাড়া ও নিশ্চিন্তপুর বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটক তিনজন হলেন- নাটুয়ারপাড়ার নুরু মহাজন, নুরুল ইসলাম ও নিশ্চিন্তপুরের আবু হানিফ।

ভুয়া মাস্টারোল দাখিল করে সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীসহ ওই ইউপির সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বৃহস্পতিবার যশোর দুদক কার্যালয়ে মামলাটি করেন।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজারে টিসিবির তেল জব্দ করে একতা ট্রেডার্স মালিক হায়দার আলীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

সরকারি ত্রাণ ও ১০ টাকা কেজির ভিজিএফ কার্ডের চাল আত্মসাতের অভিযোগে পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলায় যুবলীগের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। বুধবার জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা জানানো হয়। বহিস্কৃতরা হলেন- ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাসুদ রানা মিন্টু ও সুজানগর উপজেলার আহম্মদ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার সুরুজ্জামান সুরুজ।

আরও পড়ুন

×