রূপপুর প্রকল্পে তার ছিঁড়ে প্রকৌশলীর মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১২:১০
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করার সময় নির্মাণকাজে ব্যবহৃত একটি যন্ত্র তার ছিঁড়ে পড়ে আব্দুল মবিন (৩৫) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মবিন পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি ভারতীয় কোম্পানি পাহাড়পুর কুলিং টাওয়ারে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
রূপপুর প্রকল্প সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাকশী পদ্মা নদী সংলগ্ন কুলিং টাওয়ারে স্তম্ভ নির্মাণের জন্য ঢালাইয়ের কাজ করা হচ্ছিল। এ সময় হুক ছিঁড়ে একটি যন্ত্র নিচে পড়ে যায়। এতে ওই প্রকৌশলী গুরুতর আহত হন। পরে কর্মকর্তারা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পে সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
- বিষয় :
- রূপপুর পারমাণবিক
