পুকুরে গোসল করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫, আটক ২০
ফাইল ছবি
নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৫:২০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৮:১১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ও পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন। এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে।
সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- তারেক হোসেন, মুরাদ, সাদ্দাম হোসেন, ফারুক হোসেন, শাকিল আহমদ, বাদশা মিয়া, নাজমুল আলম, শহিদ উদ্দিন, সুজন, সোহেল রানা, সুজন, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, সিরাজুল ইসলাম, আল আমিন, সুমন মিয়া, বেলাল হোসেন, এমরান হোসেন শাকিল, আনোয়ার হোসেন ও মফিজুল হক।
জানা যায়, গ্রামের মাহাদ্দীর নাতির বাড়ির মফিজুল হকের পরিবারের সঙ্গে আবদুল মালেকের পরিবারের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। দুপুরে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মফিজুল হকের নেতৃত্বে ১০-১৫ জন তার প্রতিপক্ষ আবদুল মালেকের বসতঘরে হামলা চালায়। এতে অন্তত ৭জন আহত হয়। এ ঘটনার জেরে ওইদিন রাতে আবদুল মালেক ৩০-৪০ জন সন্ত্রাসী নিয়ে মফিজুল হকের বসত ঘরে পাল্টা হামলা চালায়। হামলায় নারীসহ আহত হয় অন্তত ৮জন।
কোম্পানীগঞ্জ থানার ও.সি আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুকুরে গোসল করাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে এ হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় থানায় উভয় পক্ষ দু’টি পৃথক মামলা করেছে।
আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
- বিষয় :
- পূর্ব শত্রুতা
- পুকুরে গোসল