চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ জেলেদের
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৫:২১
পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সালের বিরুদ্ধে গরিবের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ওই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের জেলে মো. শাহাবুদ্দিন সিকদার, মো. সাইদুল ইসলাম, মো. লিয়ার হোসেন প্যাদা, মো. হাবিব মৃধা ও মোঃ বাচ্চু রাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, শুক্রবার ইউপি চেয়ারম্যান বাদশা ফয়সাল ১০০ জেলের মধ্যে ভিজিডির চাল বিতরণ করেছেন। কিন্তু ৮০ কেজির স্থলে প্রত্যেক জেলেকে ৩০ কেজি করে চাল দিয়ে করে অবশিষ্ট চাল আত্মসাত করেছেন চেয়ারম্যান।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল বলেন, আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস মুঠোফোনে বলেন, আমি সারাদিন কাজের কারণে অফিসের বাইরে ছিলাম। অফিস সহকারীকে অভিযোগের কপি রাখতে বলেছি। সেটি দেখে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- পটুয়াখালী
- দশমিনা
- চাল আত্মসাত