নিজেই খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এবি তাজুল ইসলাম এমপি
ছবি: সমকাল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৫:৪৪
করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের খাদ্য সহায়তা দিতে বাঞ্ছারামপুরের স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম হটলাইন চালু করেছেন। মঙ্গলবার হটলাইনে ফোন পেয়ে এমপি নিজেই খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে দিয়েছেন হতদরিদ্র কয়েকজনের বাড়িতে।
দুপুরে চর ছয়ানী গ্রামের ভিক্ষুক প্রতিবন্ধী অহিদুল্লাহর বাড়িতে নিজে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন, স্থানীয় সংসদ সদস্যকে বাড়িতে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়েন অলিউল্লাহ। তার মতো একই গ্রামের কাঠ মিস্ত্রি মানিক মিয়ার বাড়িতে ও বাশগাড়ি গ্রামের কৃষক এর বাড়িতে নিজে খাদ্য সহায়তা পৌঁছে দেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পকীতি স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি।
এর আগে সকালে উপজেলা শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকদের ধান কাটা দেখতে বিভিন্ন গ্রামে উপস্থিত হন, পরে উপজেলা পরিষদে এবি তাজুল ইসলামের ও আমানত শাহ গ্রুপের যৌথ অর্থায়নে উপজেলার বিভিন্ন গ্রামের কর্মহীন হতদরিদ্র চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় এবি তাজুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে থেকে যেসব চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন পেশাজীবীরা সামনে থেকে কাজ করছেন তাদেরকে রাষ্ট্রীয় বিশেষ খেতাব দিতে সরকার চিন্তা করতে পারেন। বৈশ্বিক সমস্যা প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আজ সারা বিশ্ব প্রায় বিচ্ছিন্ন। এই সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের মানুষ আজ লড়ছে। বিশেষ করে চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন পেশাজীবীরা সামনে থেকে কাজ করছেন।
এবি তাজুল ইসলাম আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে যারা দিন আনে দিন খায়, তারা কর্মহীন হয়ে পড়েছেন। আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আপনাদের ঘরে থাকতে হবে। আপনাদের খাবার পৌঁছে দেয়ার জন্যে আমরা বাহিরে আছি। অতীতে আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো এবং আমৃত্যু আপনাদের সেবা করতে চাই। বাঞ্ছারামপুরের একটি মানুষও এই দুর্যোগে না খেয়ে থাকবে না।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন সরোয়ার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, বাঞ্ছারামপুর পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, একেএম শহিদুল হক বাবুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমূদুল হাসান ভূঁইয়া প্রমুখ।