সিলেটে চিকিৎসক ও নার্সরা থাকবেন হোটেলে
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৬:০৩
সিলেটে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক, সেবিকা (নার্স) ও স্বাস্থ্যকর্মীদের জন্য দুটি হোটেলের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা ও সার্বিক প্রস্তুতি দেখে তিনি এই নির্দেশ দেন। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ ও ত্রাণ কার্যক্রমের সমন্বয়ে সিলেট জেলার দায়িত্বে রয়েছেন সচিব লোকমান হোসেন মিয়া।
শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনা চিকিৎসার সম্মুখযোদ্ধা। সবার আগে তাদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তিনি বলেন, হাসপাতালে কাজ শেষে তারা বাসায় ফিরে যাওয়া নিরাপদ নয়। তাদের জন্য আলাদা আবাসনের প্রয়োজন। এজন্য সিলেটে ভালোমানের অন্তত দুটি হাসপাতাল রিকুইজেশন করা প্রয়োজন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এই হাসপাতাল পরিদর্শনকালে সচিব লোকমান হোসেন চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালে চলমান আইসিইউ ও ডায়ালাইসিস বেড বসানোর কাজ দ্রুত সম্পন্নের তাগিদ দেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে চাপ কমানো, আরও দ্রুত রিপোর্ট প্রদান ও পরীক্ষার পরিমাণ বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা সনাক্তের ল্যাব দ্রুত চালু করার নির্দেশও দেন তিনি।
সিলেটে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল নির্ধারিত রয়েছে। মঙ্গলবার সচিবের পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালে নতুন নয়টি আইসিইউ ও দুটি ডায়ালাইসিস বেড স্থাপনের কাজ চলছে। বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত এই হাসপাতালে দুটি আইসিইউ বেড রয়েছে।
- বিষয় :
- সিলেট
- করোনাভাইরাস
- চিকিৎসক ও নার্স