ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কোয়ারেন্টাইনের নামে নির্জন হাওরে ১৭ পরিবার

কোয়ারেন্টাইনের নামে নির্জন হাওরে ১৭ পরিবার
×

এভাবেই ঝুপড়িঘর তৈরি করে ১৭ পরিবারকে নির্জন হাওরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে -সমকাল

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৭:১৬

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ১৭টি পরিবার করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে ফেরেন। এই খবর জানতে পেরে এলাকাবাসী স্থানীয় নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপক সরকারের নেতৃত্বে ওই পরিবারগুলোকে নির্জন হাওরে বন ও ছন দিয়ে ঝুপড়িঘর তৈরি করে কোয়ারেন্টাইনের নামে তাদের সেখানে রেখেছেন। মঙ্গলবার পর্যন্ত ১২ দিন ধরে রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে ওই ১৭ পরিবারের নারী, শিশু, ও বৃদ্ধরা হাওরে অবস্থান করছেন।

জানা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় তারা গার্মেন্টস, মিল ফ্যাক্টরি এবং বাসা বাড়িতে কাজ করতেন। করোনাভাইরাসের কারণে তাদের ছুটি দেওয়া হয়। পরে তারা বাড়িতে চলে আসেন। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উপজেলার নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপক সরকারের নির্দেশে এলাকাবাসী তাদের হাওরের মাঝে কোয়ারেন্টাইনে রাখেন।

কোয়ারেন্টাইনে থাকা কৃষ্ণ দাস বলেন, প্রায় ১২ দিন ধরে আমরা এখানে আছি। আমরা কুকুর-বিড়ালের মত জীবনযাপন করছি। চেয়ারম্যানকে বারবার ফোন করলেও আমাদের কোন খোঁজ-খবর নেননি। 

রিতা রানী বলেন, আমরা দুই বোন এই ঝুপড়িঘরে মা-বাবা ছাড়া থাকি। রাতের বেলা একবোন ঘুমালে আরেকজন সজাগ থাকি। এভাবেই চলছে আমাদের জীবন। আমরা এই নিষ্ঠুর শাস্তি থেকে মুক্তি চাই।

মঙ্গল দাস বলেন, আওয়ামী লীগ নেতা দ্বীপক সরকার চাপ সৃষ্টি করে আমাদের এখানে রেখেছেন। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপক সরকার বলেন, এলাকাবাসীর সিদ্ধান্তেই ১৭টি পরিবারেকে টিন দিয়ে ঝুপড়িঘর তৈরি করে সেখানে রাখা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত অমানবিক। খবর পেয়েই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাদের জন্য খাবার পাঠানো হয়েছে। তাদেরকে হাওর থেকে এনে গ্রামে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন

×