কেরানীগঞ্জে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৭:৩০
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান প্রক্ষাপটে ঘরে বসে থাকা কেরানীগঞ্জের দরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তাদের সবার কাছে পৌঁছে দেওয়া হবে খাদ্য সমগ্রী।
মঙ্গলবার কেরানীগঞ্জের তেঘরিয়া ও কুন্ডা এলাকায় তৃতীয় বারের মতো খাদ্য সহায়তা কার্যক্রম শুরুর আগে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার সঙ্গে নিম্ন আয় ও কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে প্রথম থেকেই মাঠে আছি। ইতোমধ্যে দুই দফায় ৫০ হাজার মানুষের মাঝে লক্ষাধিক প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ থেকে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে আবারও ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হলো।
এই উদ্যোগের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রত্যক্ষভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এই করোনা সংকট মোকাবিলায় সমাজের বিত্তবানদের আরও বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দেয়া উচিত। তিনি এ সময় সবাইকে হোম কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।