স্বাস্থ্য কর্মকর্তার পরিবারের ১৭ সদস্য করোনায় আক্রান্ত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৮:০৬
নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তার পরিবারের ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই পরিবার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেলপাড়ার বাসিন্দা। তবে ওই কর্মকর্তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিভিল সার্জন কার্যালয়ের ওই স্বাস্থ্য কর্মকর্তা নমুনা সংগ্রহের কাজ করছেন। তার পিত্রালয়ের (যৌথ পরিবার) ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের তার বাবা, মা, ভাই, বোন, চাচাও রয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ এবং ১৪ বছর বয়সী এক কিশোরও রয়েছে। তবে ওই কর্মকর্তার নিজের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
ওই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সিভিল সার্জন অফিসে তার জন্য খাবার দিয়ে যেতেন ছোট ভাই। হঠাৎ ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার করোনা পরীক্ষা করা হয়। গত ২১ এপ্রিল ফলাফলে করোনা পজেটিভ আসে তার। পরিবারের অন্য কারোর কোন উপসর্গ না থাকলেও সন্দেহবশত গত ২৩ এপ্রিল বাকি ১৬ সদস্যেরও নমুনা সংগ্রহ করা হয়। সাত বছরের এক শিশু ছাড়া পরিবারের ১৭ জনেরই করোনা পজেটিভ আসে।
তিনি বলেন, আমার বাবার বাড়ির পরিবারের ১৭ জনই করোনা পজেটিভ। তবে তাদের কোন উপসর্গ নেই। প্রথম ছোট ভাইয়ের পজেটিভ পাওয়াতে বাকিদের পরীক্ষা করিয়েছিলাম। সকলেই বাড়িতে আইসোলেশনে আছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- সিভিল সার্জন
- করোনাভাইরাস