বগুড়ায় আরও একজন করোনায় আক্রান্ত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৮:১৯
বগুড়ায় আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তির বয়স ৪০ বছর।
বগুড়া পৌরসভার ফুলতলা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ঢাকায় একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত। গত ১০ এপ্রিল তিনি বগুড়ায় আসেন। জ্বর এবং কাশি থাকায় গত ২৬ এপ্রিল পরিবারের সদস্যদের চাপে তিনি পরীক্ষার জন্য তার নমুনা দেন। মঙ্গলবার বিকেলে পরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়।
ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, যেহেতু ওই ব্যক্তির উপসর্গ খুব জোরালো নয় তাই তাকে হাসপাতালে না এনে বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেই চিকিৎসা দেওয়া হবে। এই নিয়ে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬। এর মধ্যে ৬ জন আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা নিজ নিজ বাড়িতে আলাদা কক্ষে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৮ এপ্রিল মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ জেলার মোট ১৮৭টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। তার মধ্যে একটি পজিটিভ এবং ১৮১টি নেগেটিভ আসে। বাকি ৫টি আবারও পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বিষয় :
- বগুড়া
- করোনাভাইরাস