ষড়যন্ত্রমূলকভাবে করোনা রোগী বানানোর অভিযোগে স্বাস্থ্য সহকারীকে মারধর
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৩:১১
পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর স্বজনরা ইউনিয়ন স্বাস্থ্য সহকারীকে মারধর করেছেন এবং তার স্বামীকে লাঞ্ছিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিলবিলাস গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের দাবি, তাদের স্বজন করোনাভাইরাসে আক্রান্ত হননি। ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ও তার স্বামী ষড়যন্ত্রমূলকভাবে ওই ব্যক্তিকে করোনায় আক্রান্ত রোগী বানিয়েছেন।
হামলার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
হামলার শিকার দুজন হলেন, বিলবিলাস ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মরিয়ম বেগম ও তার স্বামী মো. আনিচ।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, বিলবিলাস গ্রামে ঢাকা থেকে আগত এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। ২৪ এপ্রিল তার শরীরের নমুনা সংগ্রহের পর ২৭ এপ্রিল (সোমবার) এ রিপোর্ট পাওয়া যায়। পরবর্তীতে ওই বাড়িটি লকডাউন করা হয়। তবে ওই বাড়ির লোকজন এ করোনার জন্য একই গ্রামের এক নারী স্বাস্থ্য সহকারী ও তার স্বামীকে দায়ী করেন। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য সহকারীর স্বামী আনিচকে একা পেয়ে তাকে মারধর করে করোনায় আক্রান্ত বাড়ির দুলাল গাজী, ফিরোজ গাজী, রেজাউল গাজী, জাকির গাজীসহ অন্যান্যরা। এ সময় আনিচের চিৎকরে তার স্ত্রী মরিয়ম বেগম এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, করোনায় আক্রান্ত যুবক নিয়মকানুন না মেনে এলাকায় ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে বাউফল সরকারী কলেজের একটি কক্ষে আইশোলেশনে এবং তার বাড়ির ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হামলার বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- বিষয় :
- পটুয়াখালী
- করোনাভাইরাস