ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

শ্রীপুরে মাটি কেটে বন্ধ করে দেওয়া হলো ৬০ বছরের পুরনো চলাচলের রাস্তা

শ্রীপুরে মাটি কেটে বন্ধ করে দেওয়া হলো ৬০ বছরের পুরনো চলাচলের রাস্তা
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৬:০১

শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটী গ্রামে প্রায় ৬০ বছরের পুরনো একটি সরু রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ওই এলাকার প্রয়াত ডা. আবুল মুনসুরের  ছেলে ঠিকাদার আবুল হাসান খন্দকার ও তার পরিবার পড়েছেন বিপাকে। একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে জরুরি প্রয়োজনেও পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে বের হতে পারছেন না। এরই মধ্যে আবার সোমবার ভোরে প্রতিপক্ষের লোকজন ঠিকাদার হাসান খন্দকারের একটি গোডাউন আগুন ধরিয়ে পুড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসান খন্দকার একই এলাকার শাখাওয়াত  হোসেন খান সোহাগ, বেলায়াত হোসেন খান, আব্দুস সাত্তার, আব্দুল বারেক মোতাহার হোসেনসহ বেশ কয়েকজনকে আসামি করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। 

হাসান খন্দকার বলেন, ৬০ বছরের বেশি সময় ধরে তার পরিবার ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। হঠাৎ করেই শাখাওয়াত হোসেন খান সোহাগের লোকজন সোমবার সকালে মাটি কেটে ওই রাস্তায় চলাচল বন্ধ করে দেন। ওই জমির ম্যাপের মধ্যেও রাস্তাটা স্পষ্ট দেওয়া আছে। তিনি বলেন, শুধু তাই নয়, এক দিকে রাস্তা বন্ধের কাজ চালানো হয় , অন্যদিকে তার বাড়ির পাশের গোডাউনটিতে আগুন ধরিয়ে পুড়ে ফেলে। এতে তার ৫ লাখেরও বেশি টাকা মূল্যের মালামাল পুড়ে যায় বলে দাবি করেছন তিনি। 

অভিযুক্ত সোহাগ খান বলেন, ওই জায়গাটা তার পৈত্রিক সম্পত্তি। ওটা কোনো রাস্তা না। নিজের জায়গায় কাজ করেছেন বলে তার দাবি। আগুন জ্বালিয়ে গোডাউন পুড়ে ফেলার ঘটনাটিও নাটক বলে তার দাবি।  ওই ঘরে তারা নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন বলে জানান সোহাগ খান। 

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, হাসান খন্দকার বাদী হয়ে শাখাওয়াত হোসেন খান সোহাগকে প্রধান আসামি করে মঙ্গলবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছেন। 

আরও পড়ুন

×