হাসপাতাল থেকে পালানো কিশোরের করোনা পজিটিভ, বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৯:০৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৯:৩৬
ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ও হাসপাতাল থেকে চিকিৎসার মাঝপর্যায়ে বাগেরহাটে পালিয়ে আসা এক কিশোরের করোনা পজিটিভ এসেছে। ওই কিশোর বর্তমানে বাগেরহাট সদরে তার নিজ বাড়িতে অবস্থান করছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার বাড়িসহ আরও দু'টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এছাড়া ওই কিশোরের সংস্পর্শে আসা ১৪ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের নমুনা খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।
তিনি বলেন, '১৩ এপ্রিল বাগেরহাট থেকে চিকিৎসার জন্য ওই কিশোরকে ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে ভর্তি করে পরিবার। চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল ওই কিশোরের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর করোনা তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট আসার আগেই গত ২৬ এপ্রিল ওই কিশোরকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে বাগেরহাটে চলে আসে তার পরিবার। মঙ্গলবার আইইডিসিআরের পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। ফোন করে ওই কিশোরের বাবাকে বিষয়টি জানায় হৃদরোগ ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এরপর ওই কিশোরের বাবা তাদের অবস্থান জানাতে অস্বীকৃতি জানান। বিষয়টি জানিয়ে হৃদরোগ ইন্সটিটিউট কর্তৃপক্ষ আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়। বুধবার দুপুরে প্রশাসনের সহযোগিতায় তাদের সন্ধান পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে কওই কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা করি। বর্তমানে সে সুস্থ-স্বাভাবিক রয়েছে। বাড়িতে রেখেই তার চিকিৎসা দেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'আমরা ওই কিশোরের সংস্পর্শে আসা ওই বাড়ির ১৪ জনের নমুনা সংগ্রহ করেছি। নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওই কিশোরের বাড়িসহ দু'টি বাড়ি লকডাউন করা হয়েছে।'
এদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্র জানিয়েছে, করোনা পজেটিভ আসা ওই কিশোরের সংস্পর্শে আসা হাসপাতালের ১৯ চিকিৎসক ও ৩৩ নার্সকে কর্তৃপক্ষ কোয়ারেন্টাইনে পাঠিয়েছে।
- বিষয় :
- করোনা পজিটিভ
- করোনার প্রাদুর্ভাব
- বাগেরহাট