ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনায় নিহত পুলিশ কনস্টেবল জসীমকে কুমিল্লায় দাফন

করোনায় নিহত পুলিশ কনস্টেবল জসীমকে কুমিল্লায় দাফন
×

জসীম উদ্দিন

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৯:২৪

করোনায় নিহত পুলিশ কনস্টেবল জসীম উদ্দিনকে (৩৯)কুমিল্লায় দাফন করা হয়েছে। 

বুধবার বিকেলে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে ঢাকা থেকে একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সযোগে জসীমের মরদেহ গ্রামে আনার পর স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে কয়েকজন নিকটাত্বীয়সহ ১৩ জনের অংশ গ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বশীল এক কর্মকর্তা সমকালকে বলেন, করোনার লক্ষণ থাকায় কয়েকদিন আগে জসীম উদ্দিনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনা পরীক্ষার জন্য ২৫ এপ্রিল তার নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। তবে পরীক্ষার ফল আসার আগেই তার মৃত্যু হয়। পরে জানা যায়, তিনি করোনা পজেটিভ ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাতে ফকিরাপুলের হোটেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জসীম। তখন একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

এদিকে অসুস্থ হওয়ার আগে ওয়ারী পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করতেন জসীম। সেখানে তার সঙ্গে দায়িত্ব পালন করা আরও এক পুলিশ সদস্যের মধ্যেও করোনার লক্ষণ দেখা যায়। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানা গেছে।

করোনাকালে ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করে যাওয়া পেশাজীবীদের মধ্যে পুলিশের সর্বাধিক সদস্য আক্রান্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ নারী সদস্যসহ আক্রান্তের সংখ্যা ২৮১। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, আক্রান্ত পুলিশ সদস্যদের অনেকেরই বাহ্যিক কোনো লক্ষণ ছিল না। তবে পরীক্ষায় তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করা সদস্যরা থাকলেও বেশিরভাগই আক্রান্ত হয়েছেন রাজারবাগ পুলিশ লাইনে।

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে পুলিশ: পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়েছে, করোনাযুদ্ধে দেশের জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে কনস্টেবল জসীম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একইসঙ্গে দেশের সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে এ বাহিনী। করোনাযুদ্ধে নিজেকে উৎসর্গ করা জসীমের পরিবারের পাশে সর্বোতভাবে থাকবে পুলিশ।

আরও পড়ুন

×