যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকসহ ২৮ জন কোয়ারেন্টাইনে
যশোর অফিস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১০:৩০
যশোর জেনারেল হাসপাতালের ১১ চিকিৎসকসহ ২৮ জন স্বাস্থ্যকর্মীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত দুই রোগীর সংস্পর্শে আসায় তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয় বলে বুধবার রাতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় নিশ্চিত করেন।
তিনি বলেন, 'গত ২৩ এপ্রিল হাসপাতালের দু'জন রোগী তথ্য গোপন করে মেডিসিন ও করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হন। পরে সংশ্লিষ্ট ওয়ার্ডে চিকিৎসকের সন্দেহ হলে তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ২৫ এপ্রিল রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। ২৬ এপ্রিল রিপোর্ট পাওয়া যায়, যাতে ওই দুই রোগীর শরীরে করোনা শনাক্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ করোনারি ও মেডিসিন ওয়ার্ড লকডাউল ঘোষণা করেন।
ডা. দিলীপ কুমার রায় আরও বলেন, 'ওই দুই রোগী ভর্তি হওয়ার কারণে ওই ২৮ জনকে একসঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পজেটিভ এলে হাসপাতাল লকডাউন করে দেওয়া লাগতে পারে।'
- বিষয় :
- করোনাভাইরাস
- যশোর জেনারেল হাসপাতাল