ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বাগেরহাটে মৃত ব্যক্তির করোনা শনাক্ত

বাগেরহাটে মৃত ব্যক্তির করোনা শনাক্ত
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১০:৩৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ১১:০৩

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামে মৃত মো. দুলালের (৩৫) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বুধবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়। এদিকে করোনা আক্রান্ত খুলনার রূপসা উপজেলার কালিবাড়ি এলাকার বিষ্ণু দাস (৫০) কে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবীর জানান, মোড়েলগঞ্জের দুলাল গত ২৭ এপ্রিল ঢাকার বারডেম হাসপাতালে মারা যায়। এরপর তার মরদেহ ২৮ এপ্রিল বাড়িতে এনে দাফন করা হয়।

স্থানীয় লোকজনের ধারণা ছিল ডায়াবেটিস রোগে তিনি মারা গেছেন। তারপরও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে পরীক্ষা শেষে আজ বুধবার করোনা পজিটিভ শনাক্ত হয়।

তিনি জানান, মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ রাতে ওই গ্রামে গেছে, ওই গ্রামের কয়েকটি বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়া মৃত ব্যক্তির দাফনে অংশ নেয়া লোকজনকে শনাক্ত করে তাদের নমুনা সংগ্রহ করা হবে।

এদিকে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে বুধবার নমুনা পরীক্ষার পর খুলনার রূপসা উপজেলার কালিবাড়ি এলাকার বিষ্ণু দাস (৫০) এর করোনা পজেটিভ শনাক্ত হয়। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানান, করোনা আক্রান্ত বিষ্ণুদাসকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নমুনা পরীক্ষা করানোর সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি বন্ধ রয়েছে। হাসপাতালে নমুনা সংগ্রহের স্থানে তার পিতার নাম কিংবা পূর্ণাঙ্গ ঠিকানা লেখা নেই। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বর তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

আরও পড়ুন

×