বরিশালে বিতর্কিত ছাত্রলীগ নেতা সুজনকে বহিষ্কার
আশিকুর রহমান সুজন
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১০:৫৫
বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা উল্লেখ করা হলেও জানা গেছে, সম্প্রতি পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে মারধর এবং জেলা প্রশাসককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আপত্তিকর মন্তব্য করায় আশিকুরকে বহিষ্কার করা হয়।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক (জিএম) শংকর কুমার কর জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার অভিযোগে আশিকুর রহমান সুজন তার লোকজন নিয়ে শনিবার সদর উপজেলার চরকাউয়া উপকেন্দ্র্রের লাইনম্যান জাফর ইকবালকে মারধর করেন। মারধরের হাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলে জাফরের সহকর্মী মাহফুজ, পরিতোষ ও সুমনকেও মারধর করা হয়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে উপ-মহাব্যবস্থাপক মানবেন্দ্র্র সরকার বন্দর থানায় মামলা করেন।
এর আগে এক ভিডিও বার্তায় সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণাঞ্চলের ৬ জেলার ভিডিও কনফারেন্সে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ করোনা প্রতিরোধে যে ভূমিকা রেখেছেন তা প্রধানমন্ত্রীকে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেন আশিক।
ওই ভিডিও বার্তায় বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানকে উদ্দেশ্য করে সদর উপজেলা ছাত্রলীগের সম্পাদক আশিকুর রহমান সুজন আপত্তিকর মন্তব্যও করেন। এসব কারণে আশিককে বহিষ্কার করা হয়েছে বলে জেলা ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
- বিষয় :
- বরিশাল
- ছাত্রলীগ নেতা
- বহিষ্কার