গজারিয়ায় ঘরের ভেতর বোমা বিস্ফোরণ, ৩ শিশু আহত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ২২:০৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ২২:৫৪
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঘরের ভেতর বোমা বিস্ফোরণ ঘটে তিন শিশু আহত হয়েছে।
আহতরা হলো- রাব্বি মিয়া (১১) সাকিব হোসেন (১২) ও হাসান মিয়া (১২)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরবাউশিয়া বড়কান্দি গ্রামের চা দোকানদার মহসিন মিয়ার ঘরে বোমা বিস্ফোরণ ঘটে।
স্থানীয় একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, ১২ থেকে ১৩ ছরের তিন শিশু ঘরে বসে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মহসিন মিয়ার বসত ঘরে মহসিন মিয়ার ছেলে রাব্বি, নজরুল মিয়ার ছেলে সাকিব ও তাদের বাড়ির ভাড়াটিয়ার ছেলে হাসান ঘরে ছিল। এ সময় বোমা বিস্ফোরিত হলে তিন শিশু আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খন্দকার আরশাদ কবীর প্রাথমিক টিকিৎসার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খন্দকার আরশাদ কবীর বলেন, তাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাত দেখে প্রাথমিকভাবে বোমার স্প্রিন্টার জাতীয় কিছুই ধারণা করা হচ্ছে।
গজারিয়া থানার ডিউটি অফিসার পিএসআই আবু জাহিদ তুহিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কয়েকজনকে পুলিশ আটক করেছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- বোমা বিস্ফোরণ
- আহত