লক্ষ্মীপুরে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ২৩:২৯
লক্ষ্মীপুরে নতুন করে আরও ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি ও বিআইটিআইডিতে লক্ষ্মীপুরের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। এর মধ্যে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি থেকে পজিটিভ রোগীর ফলাফল এসেছে। এতে ছয়জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার পারবতী নগর ইউনিয়নের পাঁচজন ও রামগতির একজন প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন করোনায় আক্রান্ত।
আক্রান্তদের মধ্যে জেলা সদরে ১৭ জন এবং কমলনগরে ১০ মাস বয়সের এক শিশুসহ ৫ জন, রামগতিতে ৫ জন ও রামগঞ্জে ১৬ জন।
এর মধ্যে দুইজনকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, করোনা পরীক্ষার জন্য পাঠানো নমুনার একাংশের ফলাফল এসেছে। এতে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- করোনার প্রাদুর্ভাব