টিসিবির পণ্য না পেয়ে ডিলারসহ ৩ জনকে মারলেন আ’লীগ কর্মীরা
ফাইল ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ২৩:৫৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে উল্টোপথে টিসিবির পণ্য চেয়ে না পেয়ে ডিলারসহ ৩ জনকে মারলেন আওয়ামী লীগ নেতার সমর্থকরা।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের রেল স্টেশনে টিসিবির পণ্য বিক্রির সময় এ ঘটনা ঘটে।
এতে টিসিবির ডিলার মোল্লা আবু জাহিদ (৫০), তার বাবা আবু তালেব মোল্লা (৭২) ও বড় ভাই সাঈদ মোল্লা (৫২) আহত হয়েছেন। তারা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কাশিয়ানীর টিসিবি ডিলারের সহকারী জাকির হোসেন জানান, বুধবার সকাল থেকে কাশিয়ানী রেল স্টেশনে টিসিবির তেল, ছোলা, খেজুর, চিনি, ডাল বিক্রি করা হচ্ছিল। সেখানে পুরুষ ও মহিলারা দু’ লাইনে দাড়িয়ে পণ্য কিনছিলেন। আমি লাইনের শৃংখলা বজায় রাখার কাজ করছিলাম। এরমধ্যে কয়েকজন এসে উল্টো পথে টিসিবির পণ্য নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লাইনে দাড়িয়ে থাকা নারী পুরুষ ডিলারের ওপর চড়াও হয়। পরে ডিলার তাদের বুঝিয়ে বলে আবার পণ্য বিক্রি শুরু করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যহির্বাহী কমিটির সদস্য কালু মৃধা উল্টোপথে টিসিবির পণ্য চায়। এতে লাইনে দাড়িয়ে থাকা ক্রেতারা প্রতিবাদ করেন। ডিলার তাকে লাইনে দাড়াতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর শুনে আওয়ামী লীগ নেতার ১৫/২০ জন সমর্থক হকিস্টিক, লাঠিসোটা নিয়ে ডিলারের ওপর হামলা চালায়। এতে ডিলার, তার বাবা ও বড়ভাই আহত হয়।
আওয়ামী লীগ নেতা কালু মৃধা বলেন, আমি সেখানে তেল কিনতে যাই। টাকা জমা দেয়ার পর ডিলারের বাবা আমকে বলে তুই এখানে এসেছিস কেন, বলে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয়। ডিলার আওয়ামী লীগ সম্পর্কে অকথ্য ভাষায় কটুক্তি করেন।তারা তিন বাপ-বেটা আমাকে বেদম কিলঘুষি ও মারপিট করেন। পরে আমি সেখান থেকে চলে যাই। এ খবর পেয়ে আমাদের লোকজন এসে তাদের কিলঘুষি মেরেছে বলে শুনেছি।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, খরব পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। ডিলারকে এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে বলেছি।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, টিসিবির পণ্য বিক্রিকে কেন্দ্র করে এখানে হাতাহাতির পর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- টিসিবি
- ডিলার
- আওয়ামী লীগ