মুলাদীতে বিলে যুবকের গলাকাটা লাশ
প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০০:২২
বরিশালের মুলাদী উপজেলায় একটি বিল থেকে ইমরান নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনয়নের আমানতগঞ্জ বাজার সংলগ্ন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইমরান সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলি গ্রামের আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে।
উত্তর বালিয়াতলির গ্রাম পুলিশ সাইদুল ইসলাম বলেন, বাড়ি থেকে ৫০০ গজ দক্ষিণে বিলের মধ্যে যুবকের লাশ পড়ে ছিল। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
সফিপুরের ১ নং ওয়ার্ড ইউপির সদস্য এমদাদ হোসেন ফকির বলেন, সকালে স্থানীয়রা বাজারে যাওয়ার সময় ইমরানের লাশ দেখতে পান। ওই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। থুতনিতেও কোপের চিহ্ন দেখা গেছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে যুবককে খুন করে বিলে ফেলে রাখার আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলের লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গলা কাটা লাশ
- গলা কেটে হত্যা
- হত্যা
- খুন