মাকে গালি দেওয়ায় প্রতিবেশীকে হত্যা স্কুলছাত্রের
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৩:০৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ | ০৩:৩২
পটুয়াখালীর বাউফলে ঝগড়ার সময় মাকে গালাগালি করায় প্রতিবেশীকে হত্যা করেছে এক স্কুলছাত্র।
বুধবার রাতে বরিশাল লঞ্চঘাট থেকে স্কুলছাত্র ইমরানকে (১৫) গ্রেপ্তার করে পুলিশ। এরপর সে জবানবন্দি দেয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইমরান জানায়, তার মাকে কাঁথা রোদ দেওয়া নিয়ে ঝগড়ার সময় খারাপ ভাষায় গালি দেওয়ায় ক্ষোভে সে পাশের বাড়ির রেদোয়ান ,আবদুল্লাহ এবং ফয়সালকে হত্যার পরিকল্পনা করে।
ঝগড়ার বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার অভিযোগ করে বিচার না পেয়ে হত্যা করার পরিকল্পনা করে ইমরান।
জানা গেছে, উপজেলার কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামে গত ২৬ এপ্রিল ভোরে নুর ইসলামের বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার তিন ছেলেকে হত্যার উদ্দেশ্যে ইমরান কলেজছাত্র রেদোয়ানকে প্রথমে কোপায়। পরে রেদোয়ানের দুই সহোদর আবদুল্লাহ (১৫) এবং ফয়সালকে (১৪) কুপিয়ে আহত করে সে পালিয়ে যায়।
এর আগে ২৫ এপ্রিল দুপুরে কাঁথা রোদ দেওয়া নিয়ে ইমরানের মা শাহিদার সঙ্গে কলেজছাত্র রেদোয়ানের ভাবীর ঝগড়া হলে এত জড়িয়ে পড়ে রেদোয়ান, আবদুল্লাহ এবং ফয়সাল।
এসময় রেদোয়ান তার ভাবীর পক্ষ হয়ে শাহিদা বেগমকে নানা ভাষায় গালিগালাজ করলে ইমরান এ ঘটনার জের ধরে রেদোয়ান এবং তার দু সহোদরকে হত্যার পরিকল্পনা করে।
রেদোয়ান কালিশুরি ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষাথী এবং ইমরান কালিশুরি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুররহমান বলেন, মূল পরিকল্পনাকারী ইমরান রাগ এবং ক্ষোভ থেকে এ ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারের পরে সে স্বীকার করেছে। সে জবানবন্দি দেওয়ার পরে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।