ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বরিশালে চিকিৎসকের মৃত্যুরহস্য ২ দিনেও উদঘাটন হয়নি

বরিশালে চিকিৎসকের মৃত্যুরহস্য ২ দিনেও উদঘাটন হয়নি
×

ডা. এম এ আজাদ সজল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৪:৪৯

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট (বিভাগীয় প্রধান) ডা. এম এ আজাদ সজলের মৃত্যু রহস্য ২ দিনেও উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশ মমতা স্পেশালাইজড হাসপাতালের ১৬ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায়নি। 

তবে কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, 'ডা. আজাদের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন হবে বলে আশা করি।' 

এদিকে ডা. আজাদের মৃতদেহের ময়নাতদন্ত শেষে বিভিন্ন আলামত ও ভিসেরা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে শেবাচিম কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার দুপুরেও নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতাল (যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল) পরিদর্শন করে পুলিশের একটি দল। এ সময় তদন্তের স্বার্থে বিভিন্ন খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে দলটি। এ ছাড়া বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন তারা। অনেকেকে জিজ্ঞাসাবাদ ছাড়াও সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করা হচ্ছে। মামলার বিভিন্ন বিষয়েও বহায় রাখা হচ্ছে সর্বোচ্চ গোপনীয়তা।

 শের-ই বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা জানান, একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে ডা. আজাদের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বোর্ডের সদস্যরা ঘটনাস্থলও পরির্দশন করেছেন। ময়নাতদন্তের বিভিন্ন আলামত ও ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার প্রধান রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এগুলোর রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

ডা. এম এ আজাদ সজল নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালে প্রাইভেট চেম্বারে রোগী দেখতেন এবং ওই ভবনের ৭ম তলায় ডরমেটরিতে থাকতেন। ২ সন্তান নিয়ে তার স্ত্রী ঢাকার কেরানীগঞ্জে থাকেন। 

গত সোমবার সন্ধ্যার আগে নিঁখোজ হন ডা. সজল। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকেও তাকে ডরমেটরির কক্ষের সামনে পায়চারি করতে দেখেছেন সহকর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের লিফটের নিচে তার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন তার ছোট ভাই ডা. শাহরিয়ার উজ্জল।

আরও পড়ুন

×