ওয়াজ শুনতে গিয়ে অপহৃত কিশোরী, খোঁজ মেলেনি দেড় মাসেও
লিমা আক্তার
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৫:৩১
বাগেরহাটের কচুয়ায় ওয়াজ শুনতে গিয়ে অপহরণ হওয়া এক কিশোরীর খোঁজ মেলেনি দেড়মাসেও।
গত ১৬ মার্চ রাতে উপজেলার ফুলতলা হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে অপহরণ করা হয় নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে। পরদিন অপহৃত লিমা আক্তারের (১৫) বাবা কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সাধারণ ডায়েরি ডায়েরি সূত্রে জানা যায়, ১৬ মার্চ রাতে বাবা-মায়ের সাথে কচুয়া উপজেলার ফুলতলা হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ শুনতে যায় ফুলতলা গ্রামের ইনুছ শেখের মেয়ে লিমা। এক পর্যায়ে ওয়াজের প্যান্ডেল থেকে বাদাম কিনতে বাইরে বের হয় সে এ সময় মুখ চেপে ধরে একটি মোটরসাইকেলে উঠিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
লিমার বাবা ইনুছ শেখ বলেন, রাস্তায় থাকা অনেকে দেখেছে মুখ চেপে ধরে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয় আমার মেয়েকে। আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিককেও বিষয়টি জানিয়েছি। আমার সাথে ঠাট্টা করেন চেয়ারম্যান আবুবকর সিদ্দিক । যেকোন মূল্যে আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।
স্থানীয় ইউপি সদস্য মো. সরফিকুল ইসলাম বলেন, নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে অপহরণ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তারা যেন মেয়েটিকে খুঁজে তার বাবা-মায়ের কাছে দেয়।
অপহৃত লিমার প্রতিবেশী আমিনুল ইসলাম ও লাকি বেগমসহ অনেকে জানান, মেয়েটি মাত্র অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠেছে। মেয়েটি খুব ভাল ছিল।এলাকার মানুষ জড়িত না থাকলে একটা মেয়েকে এভাবে অপহরণ করে নিতে পারে না।
লিমার মা নাছিমা বেগম বলেন, আমার চার মেয়ে। লিমা সব থেকে ছোট ও আদরের। তিন মেয়ের বিয়ে হয়েছে। ওকে নিয়েই এখন আমাদের সব আশা ভরসা। লম্পটরা রাতের আধারে ওয়াজের মাঠ থেকে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। মেয়েটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। করোনা পরিস্থিতির কারণে দ্রুত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- বাগেরহাট