খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত, রোববার মজুরি প্রদান
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৫:৪১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ | ০৬:২০
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের আন্দোলনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার শ্রমিকদের বকেয়া ৪ সপ্তাহের মজুরি এবং শিগগিরই আরও ৪ সপ্তাহের মজুরি প্রদান করা হবে।
নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর জানান, শ্রমিকদের ১৫ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে। দোকানিরা এখন শ্রমিকদেরকে বাকিতে চাল-ডাল দিচ্ছে না।
তিনি বলেন, সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বিজেএমসিকে ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই টাকা দিয়ে শ্রমিকদের বকেয়া ৮ সপ্তাহের মজুরি দেওয়ার কথা। কিন্তু মিল কর্তৃপক্ষ রোববার ২ সপ্তাহের মজুরি দিতে চায়। সে কারণে বৃহস্পতিবার সকালে ৯টি পাটকলের সিবিএ নেতাদের নিয়ে সভা করে তারা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
প্লাটিনাম জুট জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন জানান, বিকেলে বিজেএমসি চেয়ারম্যান তাকে ফোন করে জানান যে, আগামী রোববার বকেয়া ৪ সপ্তাহের মজুরি প্রদান করা হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে আরও ৪ সপ্তাহের মজুরি দেওয়া হবে। তিনি কর্মসূচি পালন না করার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মো. গোলাম রব্বানী জানান, এখনও বিজেএমসি থেকে কোনো চিঠি পাননি। শনিবার নির্দেশনামূলক চিঠি পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। তবে রোববার মজুরি প্রদান করা হবে এটা নিশ্চিত।