কুমিল্লায় ১৭ হাজার ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
ইয়াবাসহ আটক চিকিৎসক- সমকাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৬:০৩
রাজধানীতে ইয়াবা পাচারকালে ১৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে মো. রেজাউল হক (৪৫) নামের একজন চিকিৎসককে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম জেলার দাউদকান্দি টোল প্লাজায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই চিকিৎসক ও গাড়ি চালক ধলু ফরাজীকে আটক করেন।
ডা: রেজাউল জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের স্কুল শিক্ষক মো. সামছুল হকের ছেলে। তিনি রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি আরও জানান, প্রাইভেটকারে করে চট্টগ্রামের লোহাগড়া এলাকা থেকে ঢাকায় ইয়াবা পাচার হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে ডিবির একটি টিম দাউদকান্দি টোল প্লাজায় অবস্থান নেয়। এক পর্যায়ে (ঢাকা মেট্রো-গ-২৩-৩৭১৯) প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মো: সাখাওয়াত হোসেন, আজিম উল আহসান, তানভীর সালেহীন ইমন, নাজমুল হাসান রাফি, ডিআইও-১ মো. মাঈনুদ্দিন ও ডিবির ওসি আনোয়ারুল আজিম, অভিযানে অংশ নেয়া ডিবির এলআইসি টিমের প্রধান পুলিশ পরিদর্শক মো. ইকতিয়ার উদ্দিন, এসআই পরিমল চন্দ্র দাস ও এসআই নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ওই চিকিৎসক সাংবাদিকদের জানান, এর আগে মাদক মামলায় তাকে ফাঁসানো হয়। তাই এবার তিনি জেদ করে ইয়াবার চালানটি ঢাকায় নিচ্ছিলেন।