টাঙ্গাইলে চিকিৎসকের করোনা শনাক্ত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৬:১৬
টাঙ্গাইলে একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত আছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজপাড়ায় বসবাসরত ওই চিকিৎসকের বাড়িসহ ৬ টি বাড়ি লকডাউন করে সদর উপজেলা প্রশাসন।
ওই চিকিৎসকের মাথা ব্যথা ও শরীর দুর্বল হলে মঙ্গলবার নমুনা সংগ্রহ করে পরে বুধবার ঢাকায় পাঠানো হয়। পরে তার নমুনার ফলাফলে পজেটিভ আসে। তিনি করোনার নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও তিনি কোন নমুনা সংগ্রহ করেননি। দুপুরেই তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়াডে ভর্তি করা হয়েছে।
এ দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মির্জাপুরে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের কামার পাড়া গ্রামে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, গত রোববার ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। পরে সোমবার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য তাকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বুধবার মধ্যরাতে তার মৃত্যু হয়। ওই বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন আছে।
- বিষয় :
- টাঙ্গাইল
- করোনাভাইরাস