ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

গরিবের চাল বিক্রিতে অনিয়ম, ডিলারের কারাদণ্ড

গরিবের চাল বিক্রিতে অনিয়ম, ডিলারের কারাদণ্ড
×

দণ্ডপ্রাপ্ত শামীম গাজী -সমকাল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৬:৩০

পিরোজপুরের নাজিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার শামীম গাজী (৪০) নামে এক ডিলারকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তার ডিলারশিপ বাতিলসহ জামানত বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান।

দণ্ডপ্রাপ্ত শামীম গাজী উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ওএমএস ডিলার। তার বিরুদ্ধে চাল বিক্রির নানা অনিয়ম তুলে ধরে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারীরা।

পরে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান অভিযোগের সত্যতা পেয়ে ডিলার শামীম গাজীকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে নাজিরপুর থানা পুলিশের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, করোনাভাইরাসে কারণে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে। উপজেলার ৯টি ইউপিতে এ কার্যক্রম চলমান আছে। ওই ইউপি থেকে ভুক্তভোগীরা ডিলার শামীমের নানা অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ করেন। তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাছাড়া তার ডিলারশিপ বাতিলসহ জামানত বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×