কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জে গিয়ে ইয়াবার চালান আটক
উদ্ধারকৃত ইয়াবা -সমকাল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৭:০৪
কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গিয়ে ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ কুমিল্লার একটি দল। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার।
তিনি জানান, বুধবার গভীররাতে র্যাবের একটি দল কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লবণের বস্তার ভিতর লুকিয়ে অভিনব কায়দায় কাভার্ডভ্যানযোগে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মৃত মিনহাজ উদ্দিনের ছেলে মো.জিয়া বেপারী (৪০) ও কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর গ্রামের মো.মুন্না ওরফে আলাউদ্দিন (২২)। এ সময় তাদের কাছ থেকে ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ হতে কাভার্ডভ্যানে লবণের বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- কুমিল্লা
- নারায়ণগঞ্জ
- ইয়াবা