৪১ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ফাইল ছবি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৮:১০
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৪১ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল পার্কিং থেকে বিভিন্ন পণ্য বোঝাই ভারতীয় ট্রাক নোম্যান্স ল্যান্ডে আসলে সেখান থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য আনলোড করে দেশে আনা হয়।
ভারতের সেন্ট্রাল পার্কিং থেকে পণ্য বোঝাই ট্রাক নোম্যন্স ল্যান্ডে আসলে সেখানে বেনাপোল বন্দরের পক্ষ থেকে জিবানু নাশক স্প্রে করা হয় উভয় দেশের ট্রাকে। তবে কাজগপত্র লেনদেন ও লোড-আনলোডে সামাজিক দূরত্ব রক্ষা হয়নি। এ দিন ঢাকার জে এস এগ্রো প্রাইভেট লি. আমদানিকারকের ১০ টন ভূট্রা বীজ ও সিরাজগঞ্জের উল্লা পাড়ার রত্না বীজ ভান্ডারের ২৫ টন মেস্তা বীজ আমদানি হয়।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘করোনা ভাইরাসের জন্য ভারত সরকার লকডাউন ঘোষণা করে। তবে দীর্ঘ ৪১ পর বৃহস্পতিবার বিকেলে ২টি বীজের ট্রাক নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করেছে। নোম্যান্সল্যান্ড থেকে বাংলাদেশি সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিরা শ্রমিক দ্বারা লোড-আনলোড করে নিয়েছে। করোনা ভাইরাসের এ জরুরি অবস্থা থাকাকালীন সময় নোম্যান্সল্যান্ডেই সব কাজ হবে।’
বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বলেন, ‘কাস্টম হাউসে দুপুর ৩টার দিকে জরুরি বৈঠক অনুষ্টিত হয়। ৫-৬ জন কাস্টম সরকার কাস্টম হেটের মধ্যে থাকবে, তারাই সবার কাজ করে দেবেন। তাদের থাকা খাওয়ার সব দায়িত্ব কাস্টমসের। ১০ দিন পর তারা কাস্টম হাউস থেকে বাইরে আসবেন। কারণ, কাস্টম হাউস ওপেন হয়ে গেলে করোনা ভাইরাসের একটা ঝুঁকি থেকে যায়।’
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘ভারত থেকে ২টি বীজের গাড়ি নোম্যান্সল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনেই লোড-আনলোড করা হয়েছে। গাড়িগুলি জিবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়েছে। বন্দরের পক্ষ থেকে ব্যবসায়ীদেরও সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে।’
কাস্টমসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর বেনাপোল বন্দরে ২টি পণ্য বোঝাই ট্রাক আমদানি হয়েছে। নোম্যান্সল্যান্ডে লোড আনলোড হয়েছে। রাজস্ব আদায় পূর্বক দ্রুত পণ্য খালাসের জন্য বলা হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- পেট্রাপোল
- বেনাপোল
- ভারত