সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ফায়ার সার্ভিস কার্যালয় ও গাড়ি ভাঙচুর
ইটপাটকেলের আঘাতে ক্ষতিগ্রস্ত ফায়ার সার্ভিসের কার্যালয় -সমকাল
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৯:০৯
নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয় ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পৌরশহরের পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মাইদুল ইসলাম বাবু (২৬) ভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার পরেও আহত যুবকটিকে উদ্ধার করতে আসেননি ফায়ার সার্ভিসের লোকজন । পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় যুবককে নিয়ে ভ্যানযোগে ফায়ার সার্ভিস কার্যালয়ে নিয়ে তাদের এ্যাম্বুলেন্সের সহযোগিতা চাইলে সেখান থেকে ফিরিয়ে দেয় তারা। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রায় আধা ঘণ্টা পর ওই যুবকের মৃতু হয়।
তবে জলঢাকা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়েই আমরা গাড়ি নিয়ে সেখানে গিয়ে দেখি দুর্ঘটনায় আহত যুবকটির মৃত্যু হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন বাধা দেয়। পরবর্তীতে হামলা চালিয়ে আমাদের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। উপায়ন্তর না দেখে আমরা গাড়ি নিয়ে কার্যালয়ে ফিরে আসলে তারা সংঘবদ্ধ হয়ে আমাদের ভবনে এলোপাথারিভাবে ইটপাটকেল নিক্ষেপ করে।
নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হবে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরবর্তীতে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করি এবং সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
- বিষয় :
- নীলফামারী
- জলঢাকা
- সড়ক দুর্ঘটনা