সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২০ | ০৪:৪০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার। আক্রান্ত সবাই পূর্ণ বয়স্ক। এদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন মহিলা।
শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সোনারগাঁয়ে ক্রমাগত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দু’জন মারা গেছেন। বর্তমানে সোনারগাঁ উপজেলার মধ্যে বৈদ্যেরবাজার ও শম্ভুপুরা ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের হিসেব অনুযায়ী বৈদ্যেরবাজার ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা ১৩ জন। শম্ভুপুরা ইউনিয়নে একই। এছাড়াও কাঁচপুর ও মোগরাপাড়া ইউনিয়নে তিনজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে মোগরাপাড়া ও শম্ভুপুরা ইউনিয়নে একজন করে মারা গেছেন।
ডা. পলাশ কুমার সাহা জানান, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে শম্ভুপুরা ও বৈদ্যেরবাজার ইউনিয়নে। এদুটি ইউনিয়নে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিগুলো অন্যান্য ইউনিয়নের।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, আশঙ্কাজনকভাবে সোনারগাঁয়ে করোনা রোগী বাড়ছে। এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- সোনারগাঁ
- করোনাভাইরাস