মাটির ব্যাংকে জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল শিশুরা
ডিসির হাতে নিজেদের জমানো অর্থ তুলে দিচ্ছে শিশুরা -সমকাল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৫:৫৭
করোনা প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া মানুষের কষ্ট লাঘবে নিজেদের সঞ্চিত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে পিরোজপুরে পাঁচ শিশু শিক্ষার্থী অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।
পৌর এলাকার মরিচাল গ্রামের ‘মিনা শিশু নিকেতনে’র পাঁচ থেকে সাত বছরের পাঁচ শিশু মাটির ব্যাংকে জমানো ১৪২২ টাকা সোমবার জেলা প্রশাসকের হাতে তুলে দেয়। তারা হলো- মাশরাফি ইমরান আরিয়ান, বুশরা আক্তার, রেজভি হোসেন, সিনথিয়া ইসলাম ও শামীম মিনা।
করোনা দুর্গতদের প্রতি শিশুদের সহানুভূতির প্রশংসা করে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, এদের কাছ থেকে সকলের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। দুঃসময়ে শিশুরাও যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ঘটনা দেখে বিত্তবানদের উচিত এগিয়ে আসা।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মাজেদ জানান, শিশুদের জমানো এই সামান্য অর্থের সঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আরও ১৪,১০০ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন। যা শিশুদের এই মহানুভবতাকে অনুপ্রেরণা যোগাবে।
- বিষয় :
- পিরোজপুর
- মাটির ব্যাংক
- করোনাভাইরাস