মাটির নিচে লুকানো ছিল ফেনসিডিল-গাঁজা
উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা -সমকাল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৬:২৫ | আপডেট: ০৪ মে ২০২০ | ০৬:৫৯
দিনাজপুরের বিরামপুর কাটলা সীমান্তে মাটির নিচে বস্তায় করে লুকিয়ে রাখা অবস্থায় ২২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার সকাল সাড়ে ৭টায় বিরামপুর সীমান্তের দক্ষিণ দাউদপুর কবিরাজ পাড়া এলাকায় ভারতীয় ২৯০/২৭ এস পিলারের ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে সেগুলো উদ্ধার করা হয়। বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফেরদৌস হাসান টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন বলেন, ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে একদল মাদককারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। পরে সকাল সাড়ে ৭টায় দক্ষিণ দাউদপুর কবিরাজ পাড়া এলাকায় একটি বাঁশঝাড়, গোবরের গাদাসহ আশপাশের বেশ কিছু স্থানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ২২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
তিনি জানান, উদ্ধার মাদকের মূল্য ৯ লাখ সাড়ে ৫৮ হাজার টাকা। মাদকগুলো ধ্বংসের জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হবে।
জয়পুরহাট ২০ ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, করোনা সংক্রমণের মধ্যে সীমান্তে মাদক ব্যবসায়ীরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিল ও গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছিল। কিন্তু বিজিবি সর্তক অবস্থানে থাকার কারণে তারা সফল হতে পারেনি। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।