তিন হাসপাতাল ঘুরে ব্যর্থ, বাসাতেই নেতার মৃত্যু
মাহতাব উদ্দিন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৮:২৩ | আপডেট: ০৪ মে ২০২০ | ০৯:০৯
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীকদল গণতন্ত্রী পার্টির জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন (৭২) বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি গুলশান রোডের নিজ বাসায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন মুকুল।
মাহতাব উদ্দিনের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগে ভুগছিলেন তিনি। গত শনিবার তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে ভর্তি নেওয়া হয়নি। পরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হলেও ভর্তি না করায় সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। সাজেদা হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাকে ভর্তি রাখা হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
মকবুল হোসেন বলেন, আমাদের পরিচিত এক চিকিৎসকের পরামর্শে ফুসফুস ও করোনা পরীক্ষা করানো হয়। কিন্তু করোনার রিপোর্ট এখনও পাইনি। সোমাবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন তিনি।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- মাহতাব উদ্দিন