দুস্থের তালিকায় আ.লীগ নেতার স্বজন ও ভাতাপ্রাপ্তদের নাম
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৮:৩৪ | আপডেট: ০৪ মে ২০২০ | ০৮:৫৫
কুড়িগ্রামের উলিপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে দুস্থদের জন্য বরাদ্দকৃত ওএমএসের (খাদ্য বান্ধব কর্মসূচি) চাল বিতরণের লক্ষ্যে উপকারভোগীর তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই নেতা তার ১৩ জন আত্মীয়সহ বিধবা ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত ব্যক্তির নাম তালিকাভুক্ত করেছেন। ঘটনাটি ঘটেছে উলিপুর পৌরসভার ১নং ওয়ার্ড নিজাই খামার এলাকায়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষকে ওএমএস-এর আওতায় আনার জন্য তালিকা তৈরির নির্দেশনা দেয় সরকার। এই নির্দেশনার পাওয়ার পরপরই স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় করে তালিকা তৈরির কাজ শুরু করে প্রশাসন। এ সময় পৌরসভার ১নং ওয়ার্ডে ২০৭ জন দরিদ্রের তালিকা তৈরিতে সহায়তা করেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম। এ সুযোগে ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম তালিকায় তার স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেন। তার তালিকায় ১নং ক্রমিকে রয়েছেন, বেয়াই আমিন মন্ডল, ৮৭ নং ভাই সিরাজুল ইসলাম, ৮নং ভাবি নাজমা বেগম, ৯০ নং ভাতিজা নাজমুল হুদা, ৭ নং চাচা আবু তালেব, ৯২ নং চাচী শেফালি বেগম, ৬নং চাচাত ভাই আ. হাই, ৯ নং চাচা আবু তাহের, ১০ নং চাচাত ভাই হযরত আলী, ১১ নং চাচাত ভাই সাহেব আলী, ১৭ নং চাচাত ভাই মহসিন, ২১ নং আবু তাহের, ৯৭ নং ভাতিজা রানু মিয়ার নাম।
এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের অন্যান্য সুবিধাভোগীরা এই তালিকায় অর্ন্তভূক্ত হওয়ার নিয়ম না থাকলেও ওই ওয়ার্ড সভাপতি তার দেওয়া তালিকার ২নং ক্রমিকে থাকা ফজলুল হক, ৪নং মালেকা বেগম ও ৫নং সাহেব আলীর পরিবারের সদস্যদের নামে বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড থাকার পরেও তাদের নাম অর্ন্তভুক্ত করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে উলিপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, যারা প্রকৃত অস্বচ্ছল তালিকায় তাদের নাম দেওয়া হয়েছে। আর স্বজনের মধ্যে অস্বচ্ছলদের নাম দেওয়া হয়েছে। সরকারের দেওয়া অন্যান্য সুবিধাভোগীদের নামের বিষয় জানতে চাইলে তিনি বলেন, কোন ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ১নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার আ. রব বলেন, ওই ওয়ার্ডে কে কার আত্মীয় তা আমি জানি না। তবে তালিকা তৈরির সময় উনারা আমার সঙ্গে ছিলেন।
ওএমএস এর বরাদ্দ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়েছে।
- বিষয় :
- কুড়িগ্রাম
- উলিপুর
- ওএমএস
- খাদ্য বান্ধব কর্মসূচি